আদিতমারীর উন্নয়নে নবাগত ইউএনও গুঞ্জন বিশ্বাসের সঙ্গে মতবিনিময় সভা

Any Akter
মোঃ আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ৩:২১ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনবান্ধব প্রশাসন নিশ্চিতকরণ এবং সরকারি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: হঠাৎ বিত্তবৈভবের মালিক বনে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য, জুয়া প্রতিরোধ আইনে গ্রেফতার

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব, আদিতমারী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল্লাহ ফাত্তাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রউফ, এলজিইডি প্রকৌশলী ফজলুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নবাগত ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আদিতমারী উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন-সংশ্লিষ্ট নানা বিষয় তাঁর সামনে তুলে ধরেন। তাঁরা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস বলেন, আদিতমারীর সার্বিক উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত সরকারি সেবা পৌঁছে দিতে তিনি সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি উপজেলার সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত সুধীজন আশা প্রকাশ করেন, নবাগত ইউএনওর দক্ষ, স্বচ্ছ ও জনমুখী নেতৃত্বে আদিতমারীর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে সরকারি সেবা লাভ করবেন। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।