চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মরা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শুল্ক ফাঁকি দিতে আস্ত গাড়ি কেটে আনা হয় কয়েক টুকরোয়
নিহত পাঁচ শিশু হলো—একই গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (৯) ও আরিবা (৭), নেমাজের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের মেয়ে শরীফা (১২)।
স্থানীয় বাসিন্দা তৌহিদ আলম জানান, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের বেশিরভাগ মানুষ মসজিদে ছিলেন। এ সময় শিশুরা পরিবারের কাউকে না জানিয়ে কখন নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেননি। পরে তারা পানিতে ডুবে যায়।
আরও পড়ুন: জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।
তিনি জানান, নদীটি স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি প্রবেশ করায় নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময়ে এখানে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশ ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।





