সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, সোনাগাজী (ফেনী)
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:১৭ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ফেনীর সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সোনাগাজী মডেল থানা ও ফেনী জেলা পুলিশের আয়োজনে বিট নং–১২-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৯ নম্বর নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম লিটন, নবাবপুর বিট নং–১২-এর বিট অফিসার ইলিয়াছ মামুন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

আরও পড়ুন: মির্জা ফখরুলের আসনসহ ১১ সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট

র‍্যালিটি নবাবপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাবপুর ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ৯ নম্বর নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির ও সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম লিটন।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে মাদক থেকে দূরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুন: পাটগ্রাম সীমান্তে ১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও দুই বাইসাইকেল আটক

সমাবেশে মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।