উন্নয়ন প্রকল্প উদ্বোধনে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র তালাবদ্ধ পেলেন এমপি ডাঃ বাচ্চু
গাজীপুরের শ্রীপুরে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তবে উন্নয়ন প্রকল্পের কর্মসূচির মধ্যেই গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ পান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার তেলিহাটি, গাজীপুর ও মাওনা ইউনিয়নে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
আরও পড়ুন: জাবিতে র্যাগিংয়ের শাস্তি, ২০ শিক্ষার্থীর জরিমানা ৬ লাখ ১৫ হাজার টাকা
সকাল ৯টায় তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার থেকে আবদার লোহাই বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শনে যান এমপি বাচ্চু। সেখানে প্রধান ফটকসহ স্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান তিনি।
পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন ধনুয়া কমিউনিটি ক্লিনিক, ডেকো গার্মেন্টস সড়ক এবং ফরিদপুর-ধনুয়া সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য। একই ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: সাভার-ধামরাইয়ে ডিবির পৃথক অভিযান ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪
এ ছাড়া মাওনা এলাকায় অসহায় খাতুজান বিবির হাতে নতুন ঘরের চাবি তুলে দেন এমপি বাচ্চু।
দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, বিএনপি নেতা এসএম মাহফুল হাসান হান্নানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





