সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৯

Sadek Ali
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪১ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ২৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।

আরও পড়ুন: নান্দাইলে শিশুকে বলাৎকার করতে ব্যর্থ হয়ে হত্যার অভিযোগ, কিশোর আটক

বিকেল সাড়ে ৫টার দিকে সাভার থানার তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ সিয়াম (২০), মাসুদ (২৭), হাবিবুর রহমান ওরফে রাসেল (৩৭), মহিন তালুকদার (৩০), রবিন (২৪) ও সজিব খান (৩০) নামে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

এরপর বিকেল ৫টা ৪০ মিনিটে সাভারের পোড়াবাড়ী বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ ডারজিনা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

রাত সাড়ে ৭টার দিকে বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাজেদা খাতুন (৪৮) এবং রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ রায়হান ইসলাম (২৪) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, সব মিলিয়ে অভিযানে ২৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৭৭ হাজার ৪০০ টাকা।