পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক প্রশিক্ষণ: সনদ ও বৃক্ষ বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:০৩ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ বিকাশে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে বৃক্ষ ও সনদ বিতরণ এবং দুটি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি-প্রতিমন্ত্রী ইশরাক

এর আগে, গত ৮ অক্টোবর পঞ্চগড়ের দেবীগঞ্জ, সদর ও আটোয়ারী উপজেলার কালিগঞ্জ বিএম কলেজ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ এবং মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে বৃক্ষ ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। বৃক্ষ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে উৎসাহিত করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ সনদ তাঁদের অর্জিত দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

আরও পড়ুন: নাটোরের লালপুরে পুলিশের যৌথ অভিযান

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তরুণদের শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, পরিবেশ সংরক্ষণ এবং সুস্থ ক্রীড়াচর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

প্রশিক্ষণের অংশ হিসেবে গত ৮ অক্টোবর বিকেল ৩টায় আটোয়ারীর মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ মাঠে ওই কলেজ ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় চ্যাম্পিয়ন দলকে ৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৩ হাজার টাকার চেক দেওয়া হয়।

আয়োজকদের মতে, প্রশিক্ষণের পাশাপাশি এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, দলীয় সংহতি, পারস্পরিক সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাব বিকাশে ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে উৎসাহিত করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে স্থানীয় আনসার-ভিডিপির সদস্য, প্রশিক্ষণার্থী ও বিপুলসংখ্যক দর্শক অংশ নেন। এ সময় প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি তাঁদের ভালোবাসা ও উদ্দীপনা প্রকাশ করেন।

সমাপনী অনুষ্ঠানে রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মো. ফরিদ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ তরুণদের শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।