গৌরীপুরে ঘরের ভেতর লুকানো ছিল ৪৮ কেজি গাঁজা

Sadek Ali
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:১১ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৮ (আটচল্লিশ) কেজি গাঁজাসহ আব্দুস সালাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ার চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুস সালাম উজান কাশিয়ার গ্রামের চর সমির উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন

জানা গেছে, আব্দুস সালাম একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় গৌরীপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান পুলিশের একটি টিম নিয়ে উপজেলার ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ার চর গ্রামে সালামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে সালামের বসত ঘরের  ভেতরের এক কোণ থেকে প্লাস্টিকের বস্তা দিয়ে ঢেকে রাখা ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সালামের সহযোগী মাদক ব্যবসায়ী আল-আমিন দৌড়ে পালিয়ে  গেলেও পুলিশের হাতে ধরা পড়ে সালাম।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিকে বুধবার আদালতে প্রেরণ করা হবে। পলাতক আসামিকে ধরার চেষ্টা চলছে।

আরও পড়ুন: টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী