কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

Shahrier Islam Pallab
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৩৬ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এ সেন্টারের মাধ্যমে স্থানীয়দের আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজারের মেরিনা স্কয়ার ভবনে সেন্টারটির উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, নামাজ, রোজা ও যাকাতের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী সামাজিক কাজ করা উচিত। এতে আরও বেশি সওয়াব অর্জন করা সম্ভব। আজম জে চৌধুরী তার ও স্ত্রীর নামে প্রতিষ্ঠান গড়ে এলাকাবাসীর সেবা করছেন। সামাজিক দায়িত্ববোধ থেকে তিনি এ কাজগুলো করছেন।

ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী। তিনি বলেন, শুধু কুলাউড়া নয়, সারা বাংলাদেশেই তাদের প্রতিষ্ঠান সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে পেরে তারা গর্বিত। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অর্জন দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত বলেও তিনি মনে করেন।

আরও পড়ুন: রায়পুরে প্রেসক্লাব নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে, তীব্র নিন্দা ও প্রতিবাদ

তিনি আরও বলেন, তাদের উদ্যোগগুলোর বিশেষত্ব হলো, এগুলো বাস্তবসম্মত ও আধুনিক। আগে এখানে ২২ বছর ধরে একটি ক্লিনিক চালু ছিলো। পরে সেটিকে ডায়াগনস্টিক সেন্টারে রূপান্তর করা হয়। মানুষ যাতে আধুনিক চিকিৎসাসেবা পায় সে ব্যবস্থা করাই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. জাকির হোসেন ও কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। এ সময় ইস্ট কোস্ট গ্রুপের পরিচালক দিলরুবা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।