রায়পুরে প্রেসক্লাব নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে, তীব্র নিন্দা ও প্রতিবাদ

Shahrier Islam Pallab
আব্দুল্লাহ আল মামুন,রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:১১ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন ও কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত পরিস্থিতির সঙ্গে জড়িয়ে প্রতিপক্ষ হিসেবে উপস্থাপনের অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব, রায়পুর উপজেলা শাখা।

একই সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাটি নিরপেক্ষভাবে পর্যালোচনা, প্রকৃত তথ্য উদ্‌ঘাটন এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। রোববার (১৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় সংগঠনটির নিজস্ব প্যাডে প্রকাশিত এক নিন্দা ও প্রতিবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও কারুশিল্প জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন (যিনি দৈনিক বাংলাবাজার পত্রিকার রায়পুর  প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন) এবং কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমানকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে সংগঠনের অবস্থান তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, প্রেসক্লাব নেতাদের কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত পরিস্থিতি সৃষ্টি, তাঁদের বিরুদ্ধে নেতিবাচক অবস্থান তৈরি এবং প্রতিপক্ষ হিসেবে উপস্থাপনের যে অপচেষ্টা চলছে, তা অত্যন্ত অনভিপ্রেত ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কোনো তৃতীয় পক্ষের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ইন্ধন রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

অভিযোগ রয়েছে, পেশাগত দায়িত্ব পালন করতে গেলে স্থানীয় কথিত কয়েকজন সাংবাদিকের প্ররোচনা ও উসকানিতে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে সাংবাদিকদের বিতর্কিত করা কিংবা তাঁদের সাংগঠনিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তথ্য-প্রমাণের ভিত্তি ছাড়া কাউকে প্রতিপক্ষ বানানো কিংবা সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করা দায়িত্বশীল আচরণের পরিপন্থী।

বাংলাদেশ প্রেসক্লাব, রায়পুর উপজেলা শাখা স্পষ্টভাবে জানায়, যেকোনো বিরোধ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সমাধান হতে হবে তথ্য-প্রমাণ, নিরপেক্ষ পর্যালোচনা ও যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে। সত্যতা যাচাই না করে কাউকে দোষী সাব্যস্ত করা যেমন সমীচীন নয়, তেমনি অপপ্রচারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।

সংগঠনটির বিবৃতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলা হয়, বাংলাদেশ প্রেসক্লাব ন্যায়সংগত অবস্থান, দায়িত্বশীল সাংবাদিকতা এবং সাংগঠনিক মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভূত পরিস্থিতির নিরপেক্ষ পর্যালোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান হবে এবং সাংবাদিকেরা পেশাগত মর্যাদা ও সৌহার্দ্য বজায় রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।