সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, যশোরে জামায়াতের পাঁচ এমপির সংবাদ সম্মেলন
যশোরে সার ডিলার নিয়োগে রাজনৈতিক প্রভাব, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর পাঁচ সংসদ সদস্য। তাঁদের দাবি, যোগ্য ও প্রকৃত সার ব্যবসায়ীদের বাদ দিয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও তাঁদের ঘনিষ্ঠদের ডিলারশিপ দেওয়া হয়েছে। এ নিয়োগ বাতিল করে সরকারি নীতিমালা অনুযায়ী নতুন করে ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।
পাঁচ সংসদ সদস্যের পক্ষে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন যশোর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার
বক্তব্যে বলা হয়, যশোরের ১৩টি ইউনিয়ন ও আটটি পৌরসভায় সার ডিলার নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা পর্যায়ের সরকারি দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতাদের সহযোগিতায় অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে ডিলারশিপ পেয়েছেন বলে দাবি করেন সংসদ সদস্যরা। তাঁদের অভিযোগ, এ প্রক্রিয়ায় কৃষির সঙ্গে সংশ্লিষ্ট প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন।ন
সংসদ সদস্যদের অভিযোগ, যশোরের পাঁচটি সংসদীয় আসনে বিরোধী দলের প্রতিনিধি থাকলেও ডিলার নিয়োগের ক্ষেত্রে তাঁদের পরামর্শ ও সুপারিশ আমলে নেওয়া হয়নি। জেলা প্রশাসক সরকারি দলের দেওয়া তালিকা চূড়ান্ত করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলেও অভিযোগ করেন তাঁরা। তাঁদের মতে, পুরো প্রক্রিয়ায় প্রার্থীদের সততা, দক্ষতা ও পেশাগত যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হয়নি।
আরও পড়ুন: বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ছেলের
লিখিত বক্তব্যে আরও দাবি করা হয়, নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে মাদকসংক্রান্ত ঘটনায় আটক এক ব্যক্তির স্ত্রী, একাধিক ফৌজদারি মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও রয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্যে বিস্তারিত প্রমাণ উপস্থাপনের তথ্য পাওয়া যায়নি।
সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জামায়াতের পাঁচ সংসদ সদস্য। তাঁদের দাবি, সরকারি নীতিমালা অনুসরণ করে যোগ্য ও প্রকৃত সার ব্যবসায়ীদের মধ্য থেকে নতুন করে ডিলার নিয়োগ দিতে হবে।





