গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৪ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত ১০ নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৪০টি জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে ৩৩টি ক্ষেত্রে পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ২৩টি ঘটনায় পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করা হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জে, সেখানে আক্রান্ত হয়েছে আটটি শাখা। এরপরই রয়েছে গাজীপুর, জেলাটিতে এ ধরনের ছয়টি ঘটনার খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক ‘নোটে’ এই চিত্র উঠে এসেছে।  যেসব দিনে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মসূচি ছিল। ১০ নভেম্বর ছিল নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘট। এরপর আওয়ামী লীগও নানা কর্মসূচি ঘোষণা করে। আজ দলটির ‘সকাল-সন্ধ্যা লকডাউন’ পালনের ঘোষণা রয়েছে।

আরও পড়ুন: পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর

গ্রামীণ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকের বিভিন্ন শাখা কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ৭২টি ঘটনার মধ্যে ৪৯টিই ঘটেছে গত মঙ্গলবার ও গতকাল বুধবার। এর মধ্যে সর্বোচ্চ ৩০টি হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গতকাল দিবাগত রাতে। এর আগের দিন ঘটনা ঘটেছে ১৯টি। এ ছাড়া ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুধু মাঠপর্যায়ের শাখা নয়, গ্রামীণ ব্যাংকের কয়েকটি আঞ্চলিক ও জোনাল কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়।

আরও পড়ুন: আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও বিএনপির বিক্ষোভ

পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া এবং পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপের ঘটনা ছাড়াও সাতটি ঘটনায় হামলাকারীরা ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া বা ভেতরে প্রবেশের চেষ্টা করেও সফল হয়নি বলে গ্রামীণ ব্যাংকের নিজস্ব নিরীক্ষায় উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, এর বাইরে তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন দেওয়া হয়েছে। দুটি ঘটনায় কেরোসিন, একটি ঘটনায় পেট্রল ঢেলে টায়ারে আগুন ও একটি ঘটনায় পাথর নিক্ষেপ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষার তথ্য অনুযায়ী, হামলা-অগ্নিসংযোগের সাতটি ঘটনায় থানায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ৪৮টি ঘটনায় থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি। এর মধ্যে ১২টি ঘটনায় জিডি প্রক্রিয়াধীন আছে।

বিভিন্ন শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক।

ব্যাংক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়। এর ফলে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং দীর্ঘদিনের আস্থা ও অর্জনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজ্ঞপ্তিতে দরিদ্র মানুষের ব্যাংকে কার স্বার্থে  আগুন দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলা হয়।

গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দায়ীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সারা দেশে ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। সঠিক তথ্যের জন্য নিকটস্থ গ্রামীণ ব্যাংকের শাখা বা অনুমোদিত প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।