পূবালী ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত মনজুরুর রহমান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান। তিনি আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে পুনঃনির্বাচিত করা হয়।

১৯৬৭ সালে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকে সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে ব্যাংকিং খাতে যাত্রা শুরু করেন মনজুরুর রহমান। পরবর্তীতে ১৯৮৩ সালে পূবালী ব্যাংকের বেসরকারীকরণের পর তিনি ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি থেকে ১৯৮৬ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত প্রথমবারের মতো চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। দীর্ঘ বিরতির পর তিনি ২০২০ সালের ৩১ জুলাই আবারও ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তখন থেকে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে আসছেন।

আরও পড়ুন: রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

তাঁর নেতৃত্বে পূবালী ব্যাংক প্রবৃদ্ধি ও আধুনিকায়নের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

ব্যাংকিংয়ের পাশাপাশি মনজুরুর রহমান চা শিল্পেও যুক্ত রয়েছেন। তিনি রেমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: রূপালী ব্যাংক পিএলসিতে ব্যাবের আংশিক কমিটি গঠন

তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের কাজী বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম খান বাহাদুর মুখলেসুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯১৬ সালে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং একজন খ্যাতিমান টি প্ল্যান্টার ছিলেন।