নিকলীতে পুলিশের বিশেষ অভিযান: ৬৮ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

Shahrier Islam Pallab
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:০০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকাসহ মোছা. রানু (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রানু ওই এলাকার মো. নাদিম মিয়ার স্ত্রী।

আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহমেদের নির্দেশনায় পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এসআই রোমান খানের নেতৃত্বে এএসআই আমজাদ হোসেন ও এএসআই জাকির হোসেন অভিযান চালান। এ সময় রানুর বসতবাড়িতে তল্লাশি করে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিকলী থানার ওসি মো. ইশতিয়াক আহমেদ বলেন, কিশোরগঞ্জের পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। নিকলী উপজেলায় মাদকের কোনো অস্তিত্ব থাকতে দেওয়া হবে না। মাদক কারবারি, বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

তিনি আরও বলেন, রাত যত গভীরই হোক কিংবা এলাকা যত দুর্গমই হোক, মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করবে। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের শিকড় উপড়ে ফেলতে নিকলী থানা পুলিশ বদ্ধপরিকর।