প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিপরীক্ষা বাতিলের দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর

Sanchoy Biswas
শাহরিয়ার ইসলাম
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ১:৫৭ পূর্বাহ্ন, ১৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক পদ্ধতি চালুর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী। সংগঠনটির নেতারা এ সিদ্ধান্তকে অযৌক্তিক ও বৈষম্যমূলক উল্লেখ করে বলেছেন, এতে শিক্ষাক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার পরিবর্তে কোচিং ও শিক্ষাবাণিজ্য আরও প্রসারিত হবে।

বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি দিলীপ রায় ও সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ঈদের ছুটিতে নিরাপত্তা সংকটে ঢাবি: ছুরি হাতে হলে অনুপ্রবেশ, হল সংসদ সদস্য আহত

বিবৃতিতে বলা হয়, গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি সব বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা জারি করেছে। নেতৃবৃন্দের মতে, বাংলাদেশের মতো শ্রেণিবিভক্ত সমাজে এ ধরনের সিদ্ধান্ত শিক্ষায় বৈষম্য আরও বাড়াবে।

তারা বলেন, নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য মানসম্মত শিক্ষায় প্রবেশ ইতোমধ্যে সীমিত। এর মধ্যে প্রাথমিক স্তরে ভর্তি পরীক্ষা চালু করা হলে ছোট শিশুদের অপ্রয়োজনীয় প্রতিযোগিতায় ঠেলে দেওয়া হবে, যা তাদের স্বাভাবিক মেধা বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এতে কোচিংনির্ভরতা বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষাখাতে বাজেটের স্বল্পতা, সরকারি বিদ্যালয়গুলোর অবকাঠামোগত দুর্বলতা, পর্যাপ্ত মানসম্মত বিদ্যালয়ের অভাব এবং শিক্ষকদের বেতন-সংক্রান্ত সমস্যার মতো মৌলিক বিষয়গুলো সমাধান না করে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নেতৃবৃন্দের দাবি, ভর্তি পরীক্ষার পরিবর্তে শিক্ষার মানোন্নয়ন এবং বিজ্ঞানভিত্তিক ‘ম্যাপিং’ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা উচিত। প্রতিটি এলাকায় মানসম্মত বিদ্যালয় গড়ে তুলে সমতাভিত্তিক ভর্তি ব্যবস্থা চালুর ওপর জোর দেন তারা।

তারা সরকারের প্রতি অনতিবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে এসে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।