দেশের সর্বোচ্চ বরাদ্দ পেল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজস্ব বাজেট ৯৪৯ কোটি টাকা ছাড়ালো
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। নতুন অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়টির অনুকূলে ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে, যা দেশের উচ্চশিক্ষা খাতে ঢাবির নেতৃত্বস্থানীয় অবস্থানকে আরও স্পষ্ট করেছে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৮৭তম পূর্ণ কমিশন সভায় দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা।
আরও পড়ুন: ঢাবিতে পুশকিনের ২২৭তম জন্মবার্ষিকী ও রুশ ভাষা দিবস উদযাপন
অনুমোদিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে রয়েছে। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যার বরাদ্দ ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পেয়েছে ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রাচীন ও বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম এবং অবকাঠামো উন্নয়নের বিস্তৃত পরিসর বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোচ্চ বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালু
এদিকে, ২০২৬-২৭ অর্থবছরে গবেষণা খাতে নতুন কাঠামো প্রবর্তন করেছে ইউজিসি। গবেষণা ব্যয়ে দ্বৈততা দূর করতে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট ইউজিসির অধীনে একীভূত করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে যুক্ত হয়েছে এবং গবেষণা খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকায়। বৈদেশিক স্কলারশিপ খাতে অতিরিক্ত ১২ কোটি টাকা যোগ হওয়ায় এ খাতে মোট বরাদ্দ বেড়ে হয়েছে ২৩৮ কোটি টাকা।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে বরাদ্দের কার্যকর বাস্তবায়নই শেষ পর্যন্ত এর সুফল নির্ধারণ করবে।





