তামিলনাড়ুতে নতুন সিনেমার জন্য প্রতিদিন ৫টি শোর অনুমতি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ন, ২৭ মে ২০২৬ | আপডেট: ২:৫৯ অপরাহ্ন, ২৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তামিল সিনেমা শিল্পের উন্নয়ন ও নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমার ব্যবসা বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার। এখন থেকে রাজ্যের সব প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তির পর প্রথম সাত দিন প্রতিদিন পাঁচটি করে শো চালানোর অনুমতি দেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তামিল সিনেমা ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নতুন সিনেমার প্রচার ও ব্যবসা বাড়াতে অতিরিক্ত একটি শো চালুর দাবি জানানো হয়েছিল। পরে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, সরকার সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে।

আরও পড়ুন: আবারও বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া, প্রকাশ্যে ‘লোকে বলে’র ঝলক

বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। তার নেতৃত্বেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

এর আগে তামিলনাড়ু সিনেমা (রেগুলেশন) বিধিমালা, ১৯৫৭ অনুযায়ী রাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে প্রতিদিন সর্বোচ্চ চারটি শো চালানোর অনুমতি ছিল। শুধুমাত্র সরকারি ছুটি, উৎসব বা বিশেষ দিনে প্রশাসনের অনুমতি নিয়ে অতিরিক্ত শো প্রদর্শন করা যেত।

আরও পড়ুন: বিশ্বকাপ মাতাতে শাকিরা-বার্না বয়ের নতুন গান ‘দাই দাই’

তবে নতুন নির্দেশনায় বলা হয়েছে, নতুন সিনেমা মুক্তির প্রথম সাত দিন প্রতিদিন পাঁচটি শো চালানো যাবে। এছাড়া সরকারি ছুটি, স্থানীয় উৎসব এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অতিরিক্ত শোর জন্য আর আলাদা অনুমতি নিতে হবে না।

তামিল চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টরা সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের আশা, অতিরিক্ত শোর সুযোগ বাড়ায় নতুন সিনেমার দর্শকসংখ্যা ও আয় দুটোই বৃদ্ধি পাবে।