ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন রেকর্ড

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:২৭ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বক্স অফিসে দুর্দান্ত গতিতে ছুটছে বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়েছে সিনেমাটি। একই সঙ্গে এটি ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।

বক্স অফিস ট্র্যাকিং সাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম তিন দিনে ‘আওয়ারাপান টু’ ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে। ভারতীয় বাজারে সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় হয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি।

আরও পড়ুন: ১১ বছর পর রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী, পোস্টারে মুগ্ধ ভক্তরা

শুক্রবার মুক্তির প্রথম দিনে সিনেমাটি ভারত থেকে আয় করে ২২ কোটি রুপি। দ্বিতীয় দিন শনিবার দর্শক উপস্থিতি আরও বাড়ে। সেদিন আয় দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপি। আর রোববার ভারতের ৯ হাজার ৪০৩টি শো থেকে সিনেমাটি আয় করে ২৬ কোটি রুপি।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’ সিনেমার সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপান টু’। প্রথম কিস্তিটি বক্স অফিসে সাফল্য পায়নি। সিনেমাটির মোট আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ রুপি। তবে নতুন কিস্তি মুক্তির প্রথম দিনেই সেই আয়কে ছাড়িয়ে যায়।

আরও পড়ুন: সম্পর্ক নিয়ে আবেগঘন বার্তা দিলেন প্রভা

‘আওয়ারাপান টু’র সাফল্যের মধ্য দিয়ে ইমরান হাশমির ক্যারিয়ারেও তৈরি হয়েছে নতুন অধ্যায়। তার অভিনীত আগের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে ‘হক’ প্রথম দিনে ২০ কোটি, ‘রাজ টু’ ২৫ কোটি ৫০ লাখ, ‘এক থি ডায়েন’ ২৬ কোটি এবং ‘জান্নাত’ ৩০ কোটি রুপি আয় করেছিল। তবে ‘আওয়ারাপান টু’ মুক্তির প্রথম দিনেই ২২ কোটি রুপি আয় করে নতুন রেকর্ডের পথে এগিয়ে যায় এবং পরবর্তী দুই দিনে সেই গতি আরও বাড়ে।

একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সঙ্গেও বক্স অফিসে প্রতিযোগিতা চলছে সিনেমাটির। আয়ের হিসাবে এখন পর্যন্ত ‘আওয়ারাপান টু’ প্রতিদ্বন্দ্বী সিনেমাটির চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।

নীতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপান টু’তে ইমরান হাশমির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। সিনেমাটি নিয়ে সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র হলেও দর্শকদের উপস্থিতি এবং প্রশংসায় প্রেক্ষাগৃহে ভালো সাড়া পাচ্ছে ছবিটি।

মুক্তির প্রথম তিন দিনের এই সাফল্য ধরে রাখতে পারলে ‘আওয়ারাপান টু’ সামনে আরও বড় বক্স অফিস রেকর্ড গড়তে পারে বলে প্রত্যাশা করছেন সিনেমাটির সংশ্লিষ্টরা।