ঢাকার সড়কে নারীদের জন্য ‘পিংক বাস’, চলবে যেসব রুটে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সড়কে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও আরামদায়ক করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত বিশেষ এই ‘পিংক বাস’ সার্ভিস আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) চালু হবে। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রম চালু করা হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন হবে।

আরও পড়ুন: সকল গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, নির্দেশনা কার্যকর করল বিআরটিএ

বিআরটিসি জানিয়েছে, বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর—দুই দায়িত্বেই নারী কর্মীরা থাকবেন। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস চলাচল করবে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাসসহ আরও চারটি বাস এই সেবায় যুক্ত হবে।

যেসব রুটে চলবে ‘পিংক বাস’

আরও পড়ুন: দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, যা জানালো পুলিশ

বিআরটিসি সূত্র জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে যুক্ত করে এসব বাসের রুট নির্ধারণ করা হয়েছে।

মতিঝিল বাস ডিপো:

নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল

তালতলা-মতিঝিল

নতুন বাজার-মতিঝিল রুটে কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে বাস।

তালতলা-মতিঝিল রুটে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলাচল করবে।

যাত্রাবাড়ী বাস ডিপো:

ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে একটি বাস চলবে। বাসটি ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও যাবে।

কল্যাণপুর বাস ডিপো:

মিরপুর-১০-মতিঝিল রুটে বাস চলবে। রুটটি মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত।

মিরপুর বাস ডিপো:

মিরপুর-মতিঝিল

মিরপুর-১২-মতিঝিল

মিরপুর-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে বাস। অন্যদিকে মিরপুর-১২-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলবে।

মোহাম্মদপুর বাস ডিপো:

মোহাম্মদপুর-মতিঝিল রুটে মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে চলবে বাস।

জোয়ারসাহারা বাস ডিপো:

আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।

গাজীপুর বাস ডিপো:

গাজীপুর-বিমানবন্দর রুটে গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলবে বিশেষ বাস।

ঢাকার বাইরেও চলবে

রাজধানীর বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি পিংক বাস চলবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজারসহ নির্ধারিত রুটে চলাচল করবে।

নারীদের জন্য পৃথক এই বাস সার্ভিস চালুর ফলে রাজধানীর ব্যস্ত সড়কে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে বিআরটিসি।