ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশের রাকায়েত রাব্বি
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ইতালির ভেনিসে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে এনেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রাকায়েত রাব্বি। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমান্তরালে আয়োজিত স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সন অব আ পিচ অ্যাওয়ার্ড ২০২৬’-এ তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সুইটনেস অব এয়ার (হাওয়াই মিঠাই)’ সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তারিখে ভেনিসের ঐতিহাসিক হোটেল এক্সেলসিয়রের 'ক্যাম্পারি লাউঞ্জ'-এ জমকালো এক অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়।
আরও পড়ুন: বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
যুদ্ধের বিভীষিকার মধ্যে এক শিশুর মনোজগতের টানাপোড়েন এবং বুলেটের খোসা দিয়ে হাওয়াই মিঠাই কেনার মানবিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটির সংবেদনশীল গল্প।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী
চলচ্চিত্রটি নিয়ে পরিচালক রাকায়েত রাব্বি বলেন, "আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের হয়ে পুরস্কার পাওয়া আমার জীবনের সবচেয়ে সেরা অনুভূতি। স্ক্রিনিংয়ের সময় এবং পুরস্কার ঘোষণার পর বিশ্বজুড়ে নামকরা ফিল্ম প্রডিউসার ও ডিস্ট্রিবিউটররা যেভাবে আমাদের এই 'হাওয়াই মিঠাই' প্রজেক্টের প্রশংসা করেছেন, তা সত্যিই অবিশ্বাস্য। এই অর্জন আমার সিনেমা বানানোর উৎসাহকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।পুরো টিমের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই অর্জন সম্ভব হতো না। ফেস্টিভ্যাল ডিরেক্টর এমানুয়েলা জেনোভেসের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা।"
চলচ্চিত্রের অভিনেতা মিজানুর রহমান বলেন, এই ঐতিহাসিক মুহূর্তে আমি ভেনিসের মাঠে সশরীরে উপস্থিত , যা একজন অভিনেতা হিসেবে আনন্দের। যখন 'ক্যাম্পারি লাউঞ্জ'-এ বিশ্ব চলচ্চিত্রের বাঘা বাঘা মানুষের সামনে আমার সিনেমার নাম ও বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে, তখন গর্ব হয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের একার নয়, এটি পুরো বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জয়।"
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালে ভেনিসের মর্যাদাপূর্ণ 'কা' ফস্কারি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল'-এ অংশ নিয়ে প্রশংসিত হয়েছিলেন নির্মাতা রাকায়েত রাব্বি । এবারের এই ঐতিহাসিক অর্জনের পর ইতালির শীর্ষস্থানীয় চলচ্চিত্র ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোও তার পরবর্তী আন্তর্জাতিক প্রজেক্টের কো-প্রোডাকশন ও চলচ্চিত্র বিতরণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।





