এমসিইউতে ফিরছেন স্টার-লর্ড

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৪২ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) আবারও দেখা যাবে জনপ্রিয় সুপারহিরো স্টার-লর্ডকে। চরিত্রটিতে অভিনয় করা হলিউড অভিনেতা ক্রিস প্র্যাট নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। স্টার-লর্ডের প্রত্যাবর্তন নিশ্চিত করতে মার্ভেল স্টুডিও ইতিমধ্যে ‘কঠোর পদক্ষেপ’ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি দ্য প্লেলিস্টের ‘বিংওয়ার্দি’ পডকাস্টে অংশ নিয়ে স্টার-লর্ডের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ক্রিস প্র্যাট। মার্ভেল স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফেইজি ও নির্বাহী লুই ডি’এসপোসিতোর সঙ্গে নিজের সুসম্পর্কের কথা উল্লেখ করে অভিনেতা জানান, চরিত্রটির প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি এ বিষয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিউলি ফুলের খোঁজে পরীমনি

প্র্যাট বলেন, ‘কেভিন ও লুর সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। কীভাবে সেই প্রতিশ্রুতি পূরণ করা হবে, তা নিয়ে আলোচনা চলছে। প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতে কঠোর পদক্ষেপও নেওয়া হয়েছে।’

তবে ঠিক কবে স্টার-লর্ডকে আবার পর্দায় দেখা যাবে, সে বিষয়ে কিছু জানাননি অভিনেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা স্টার-লর্ডকে আবার দেখতে পাবেন, যা খুবই উত্তেজনাপূর্ণ। তবে কখন, তা বলার অনুমতি আমার নেই। সে কোথাও যাচ্ছে না।’

আরও পড়ুন: স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘ক্লেফেইস’

এর আগে ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে মার্ভেলের ভবিষ্যৎ পরিকল্পনায় নিজের ভাবনার কথা জানিয়েছিলেন প্র্যাট। স্টার-লর্ডকে নিয়ে তাঁর ব্যক্তিগতভাবে একটি শক্তিশালী ধারণা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এমনকি মার্ভেল স্টুডিওর প্রধান কেভিন ফেইজের কাছে সেই ধারণা তুলে ধরেছেন বলেও জানান অভিনেতা।

প্র্যাটের মতে, আগামী ১০ বছরের গল্প পরিকল্পনায় নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে প্রস্তুত তিনি। স্টার-লর্ড চরিত্রটিকে সামনে কীভাবে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, সে বিষয়েও তাঁর সুনির্দিষ্ট ভাবনা রয়েছে।

ক্রিস প্র্যাট প্রথম ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ সিনেমায় পিটার কুইল ওরফে স্টার-লর্ড চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এরপর ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ২’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ এবং ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩’ সিনেমায় দেখা গেছে তাঁকে।

‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩’-এর শেষাংশেও স্টার-লর্ডের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। এবার ক্রিস প্র্যাটের বক্তব্যে চরিত্রটির ভবিষ্যৎ নিয়ে মার্ভেল ভক্তদের প্রত্যাশা আরও বাড়ল।