আরব দলগুলোর সঙ্গে সহযোগিতাকারীদের হত্যা বৈধ, ইহুদি ধর্মগুরুর ফতোয়া

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:১১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতা করা ইহুদি রাজনীতিকদের হত্যার বৈধতা দেওয়ার মতো ধর্মীয় ফতোয়া দিয়েছেন ইসরাইলের হাইফা র‍্যাবাইনিক্যাল আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড। এ ঘটনায় দেশটির সাবেক নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা অ্যাক্সেলরডের বিরুদ্ধে হত্যায় উসকানির অভিযোগে তদন্তের দাবি জানিয়েছেন।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি উদ্ধৃত করে খবর প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।

আরও পড়ুন: সুবিধাজনক সময়ে বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপের আশা ভারতের

প্রতিবেদন অনুযায়ী, আরব দলগুলোর সঙ্গে সহযোগিতাকারী ইহুদি রাজনীতিকদের বিরুদ্ধে ইহুদি ধর্মীয় আইনের ‘দিন রোদেফ’ নীতি প্রয়োগের কথা উল্লেখ করে হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন অ্যাক্সেলরড। এই নীতির একটি ব্যাখ্যায় বলা হয়েছে, কাউকে অন্যের জীবনের জন্য হুমকি মনে করা হলে তাকে হত্যা করার অনুমতি রয়েছে।

চিঠিতে অ্যাক্সেলরড দাবি করেন, যেসব ইহুদি রাজনীতিবিদ আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতা করেন, তাদের ক্ষেত্রে ‘দিন রোদেফ’ নীতি প্রযোজ্য। ইসরাইলের আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা দেশটির জনগণের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে বলেও যুক্তি দেন তিনি। সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করা কিংবা তাদের কাছ থেকে বাইরে থেকে সমর্থন নেওয়াকেও এই সহযোগিতার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন তিনি।

আরও পড়ুন: এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

হিব্রু শব্দ ‘রোদেফ’-এর অর্থ ‘পিছু ধাবমান ব্যক্তি’ বা ‘আক্রমণকারী’। রাব্বি মোশে বেন মাইমনের ব্যাখ্যা অনুযায়ী, এই ধর্মীয় মতবাদে বলা হয়েছে, কেউ আক্রান্ত হলে তাকে রক্ষা করতে আক্রমণকারীকে হত্যা করা যেতে পারে। এ ক্ষেত্রে আক্রমণকারীর প্রতি দয়া না দেখানো এবং অন্যের জীবন বিপন্ন হলে নিষ্ক্রিয় না থাকার কথা বলা হয়েছে।

এদিকে অ্যাক্সেলরডের চিঠির পর ইসরাইলের সাবেক নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের একটি দল তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে। পুলিশের তদন্ত বিভাগের প্রধানের কাছে পাঠানো এক চিঠিতে তারা রাব্বিকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে দেশটিতে আরেকটি রাজনৈতিক হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।

জয়েন্ট লিস্টের এমপি ওফের কাসিফও অ্যাক্সেলরডের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর আহ্বান জানিয়েছেন। তার মতে, নির্বাচিত জনপ্রতিনিধিদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তাদের বিরুদ্ধে হত্যার হুমকি বা উসকানি দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ইসরাইলের রাজনীতিতে সরকারে আরব দলগুলোর অংশগ্রহণ নিয়েও বিতর্ক রয়েছে। ডেমোক্র্যাটস নেতা ইয়াইর গোলান সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট নির্দিষ্ট শর্ত পূরণকারী দলগুলোকে জোটে আমন্ত্রণ জানানোর কথা বলেছেন।

মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট ২০২১-২২ সালে নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদের নেতৃত্বাধীন সরকারেও অংশ নিয়েছিল।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট