২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯২৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৩৪৫ জন, ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৫৮৩ জন ভর্তি হয়েছেন। চলতি বছর (২০২৫) এখন পর্যন্ত ৬৯ হাজার ৩৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৩৪ জন, আর প্রাণ হারিয়েছেন ২৭৮ জন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি স্থায়ী পদক্ষেপের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: স্পেশালাইজড হেলথকেয়ার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন মৌসুমি নয়, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এর প্রকোপ আরও বাড়ে। তাই মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ব্যবহারের পাশাপাশি গণসচেতনতা বাড়ানো জরুরি।”
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, মশানিধনে শুধু জরিমানা বা জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিক জরিপ, দক্ষ জনবল ও নিয়মিত মনিটরিং ছাড়া ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।”
আরও পড়ুন: বিএমইউতে জাতীয় ইউরোলজি দিবস ২০২৬ পালিত
উল্লেখ্য, ২০২৩ সাল ছিল দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু বছর। সে সময় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়—যা বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণের ইতিহাসে সর্বোচ্চ।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি পদক্ষেপ নয়, প্রতিটি নাগরিকের সচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা।
বাড়ি ও আশপাশে পানি জমে থাকা স্থান পরিষ্কার রাখা, মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা এবং মশারি বা রিপেলেন্ট ব্যবহার করতে হবে নিয়মিতভাবে।





