ইরানের আইআরজিসি মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৫৪ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজ জানিয়েছে, “শুক্রবার ভোররাতে আমেরিকা-ইহুদিবাদী গোষ্ঠীর অপরাধমূলক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় নাঈনি শহীদ হয়েছেন।”

আরও পড়ুন: ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ ক্ষতিগ্রস্তের দাবি, ভিডিও প্রকাশ

২০২৪ সাল থেকে আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা নাঈনি এই হামলায় নিহত হন। তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো তার মৃত্যুর বিষয়ে কোনো প্রাথমিক তথ্য প্রকাশ করা হয়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন এই খবর সম্প্রচার করেছে। কিন্তু নাঈনি ঠিক কখন নিহত হয়েছেন বা মধ্যরাত থেকে শুরু হওয়া একাধিক হামলার সময়ই ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই। তেহরানের পূর্বাঞ্চল, কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ এবং কাশান শহরে হামলার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ ঈদুল ফিতর উদযাপন

৬৮ বছর বয়সী নাঈনি আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এবং তার বাড়ি কাশান শহরে। ২০২৪ সালে তিনি আইআরজিসির মুখপাত্র হিসেবে নিযুক্ত হন। মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলেছিলেন যে, “যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও আমাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে।” তার এই বক্তব্যের পরেই হত্যাকাণ্ডের সময়সূচি নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে।

সূত্র: এএফপি, আল জাজিরা