ইরান যুদ্ধের উত্তেজনায় আবারও বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ২:২৭ অপরাহ্ন, ২১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। টানা দুই দিনের পতনের পর বৃহস্পতিবার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ইস্তাম্বুলে কনস্যুলেট বন্ধের চিন্তায় ইসরায়েল

বৃহস্পতিবার (২১ মে) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৩ ডলারে পৌঁছায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ২৩ ডলারে লেনদেন হয়।

আরও পড়ুন: সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা থাকায় বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে না।

হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এই বার্তায় ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নন তিনি। প্রয়োজন হলে আরও কয়েক দিন কিংবা তার চেয়েও বেশি সময় অপেক্ষা করতে প্রস্তুত আছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।