কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে হামলা

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৩৩ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা সোমবার (৯ মার্চ) পর্যন্ত দশম দিনে গড়িয়েছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন আরও শত শত মানুষ।

অন্যদিকে হামলার জবাবে পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইরান। দেশটি ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালাচ্ছে।

আরও পড়ুন: টানা ১০ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্রায় ৯ কোটি মানুষ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বাহিনী নতুন করে কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় চার ঘণ্টা আগে কাতারকে লক্ষ্য করে একাধিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। তবে কাতার কর্তৃপক্ষ দাবি করেছে, এসব মিসাইল আকাশেই ভূপাতিত করা হয়েছে। আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, দোহার আকাশে অন্তত ১২টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ আলোচনায়

এদিকে বাহরাইন জানিয়েছে, সিত্রা এলাকায় ইরানি ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।

অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শেবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং তেলক্ষেত্র খালি থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ছাড়া সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদের উত্তরে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে সৌদি আরব সতর্ক করে বলেছে, ইরান হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে আক্রমণের জন্য তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও ইরানের হামলার শিকার হয়েছে। দেশটির দাবি, আকাশে প্রজেক্টাইল ভূপাতিত করা হলেও তার ধ্বংসাবশেষে ফুজাইরাহ এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মধ্যপ্রাচ্যের এই সংঘাত ক্রমেই বিস্তৃত আকার ধারণ করছে বলে বিশ্লেষকদের আশঙ্কা। সূত্র: আল জাজিরা