বৈরুতে ইসরায়েলের বিমান হামলা, হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ন, ০৭ মে ২০২৬ | আপডেট: ১২:৫৭ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের কমান্ডার মালেক বালুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী।

বুধবার (৬ মে) এ হামলা চালানো হয়। খবর আল-জাজিরার

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

যুদ্ধবিরতি চুক্তির এক মাস না পেরোতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে লেবাননের পরিস্থিতি। 

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, “ইসরায়েল যুদ্ধবিমান ঘোবেইরি এলাকায় হামলা চালিয়েছে।” হামলার পর এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে বলে আশা ট্রাম্পের

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ যৌথভাবে সেনাবাহিনীকে এ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

নেতানিয়াহু বলেন, “রাদওয়ান বাহিনীর সদস্যরা ইসরায়েল বসতিতে হামলা ও সেনাদের ক্ষতির জন্য দায়ী। কোনো সন্ত্রাসীরই নিরাপত্তা নেই। ইসরায়েলের দীর্ঘ হাত প্রতিটি শত্রু ও হত্যাকারীর কাছে পৌঁছাবে।”

তিনি আরও বলেন, “উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি আমরা দিয়েছি। এভাবেই আমরা তা বাস্তবায়ন করছি এবং ভবিষ্যতেও করব।”

তবে হামলায় কমান্ডার মালেক বালু নিহত হওয়ার ইসরায়েলের দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ।

গত ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর বৈরুতের দক্ষিণাঞ্চলে এটি প্রথম বড় হামলা। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

আল জাজিরার প্রতিবেদক জানান, হামলার আগে দক্ষিণ উপশহর এলাকায় সতর্ক শান্ত অবস্থা বিরাজ করছিল এবং যুদ্ধবিরতির পর বহু মানুষ সেখানে ফিরে এসেছিলেন।

তিনি বলেন, “অঘোষিতভাবে এমন একটি বোঝাপড়া ছিল যে যুদ্ধবিরতির সময় বৈরুতকে লক্ষ্যবস্তু করা হবে না। তবে ইসরাইল দাবি করে আসছিল যে তারা জাতীয় নিরাপত্তার হুমকি মনে করলে অন্য যেকোনো স্থানে হামলা চালাতে পারে।”

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ ও পূর্ব লেবাননে হামলা অব্যাহত রেখেছে। বুধবারের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় এক হামলায় চারজন নিহত হন। একইসঙ্গে দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনী হামলার আগে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়।

অন্যদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও উত্তর ইসরাইলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে।

গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি হামলায় ২ হাজার ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে যুদ্ধবিরতির পরও বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।