ইরানে ফের হামলা, গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩১ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানে আবারও হামলার খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালির কাছে হরমোজগান প্রদেশে অবস্থিত শহরটিতে বিস্ফোরণের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন: সুবিধাজনক সময়ে বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপের আশা ভারতের

প্রতিবেদনে বলা হয়েছে, কারা এই হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম হামলাকারীদের ‘শত্রুপক্ষ’ হিসেবে উল্লেখ করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, সরকারি সূত্রগুলো সিরিক শহরে সামরিক ধরনের হামলার খবর জানিয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

এদিকে ইরানে হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।

ইরনার বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট আগেই গভীর রাতে হামলার ঘটনা ঘটে। তবে হামলাকারী, লক্ষ্যবস্তু এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

ইরানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সংঘাতের প্রসঙ্গে প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করেন। এর আগে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তাসনিমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে।

হরমুজ প্রণালির পূর্ব দিকে ইরানের দক্ষিণ উপকূলে সিরিক শহরের অবস্থান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় অঞ্চলটিতে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।