প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ন, ২০ মে ২০২৬ | আপডেট: ৫:৪৬ পূর্বাহ্ন, ২১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণা মামলায় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন হিরন বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে বিদিশা সিদ্দিক বলেন, তিনি এ বিষয়ে অবগত নন। মামলার বিষয়ে তার কোনো ধারণা নেই বলেও জানান তিনি।

আরও পড়ুন: সড়ক-ফুটপাতে হকারদের দোকান বরাদ্দ কেনো অবৈধ নয়: হাইকোর্ট

মামলার অভিযোগে বলা হয়, বাদী মোশাররফ হোসেন মিরপুর-১০ এলাকায় স্যানিটারি পণ্যের ব্যবসা করতেন। ২০০১ সালে বারিধারায় একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে বিদিশা সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

পরে রাজধানীর বারিধারা এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট ৮০ লাখ টাকায় বিক্রির চুক্তি হয়। অভিযোগ অনুযায়ী, ২০০১ সালের ১০ জুলাই বিদিশা বাদীকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে তার মনোনীত ব্যক্তি আব্দুর রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলেন।

বাদী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কারওয়ান বাজার শাখার মাধ্যমে টাকা পরিশোধ করেন এবং পরে উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বাকি টাকা পরিশোধের পর ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পার হলেও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলায় আরও বলা হয়, পরে টাকা ফেরতের আশ্বাস দিয়ে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। কিন্তু ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়।

অভিযোগে বলা হয়, পরবর্তীতে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয় এবং টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে দেওয়া হয়নি। এমনকি টাকা ফেরত চাইলে বাদীকে হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।