শীতের আগেই টানা কাশি? নিউমোনিয়ার এই ৫ লক্ষণ অবহেলা করবেন না
শীত আসার আগেই কি কাশি পিছু ছাড়ছে না? ঠান্ডা এড়াতে কান-মাথা ঢেকে বাইরে যাওয়া, হালকা গরম পানিতে গোসল কিংবা ঘরোয়া টোটকা—কোনো কিছুতেই মিলছে না স্বস্তি? তাহলে কাশিকে সাধারণ ঠান্ডা ভেবে অবহেলা করা ঠিক হবে না। কারণ, দীর্ঘস্থায়ী কাশি, জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ কখনো কখনো নিউমোনিয়ারও ইঙ্গিত দিতে পারে।
ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন বড় শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ার প্রেক্ষাপটে শীতের মৌসুমে শ্বাসতন্ত্রের রোগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শীত যত বাড়ে, বাতাসে দূষণের প্রভাব এবং শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকিও তত বাড়তে পারে। বিশেষ করে হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) আক্রান্ত ব্যক্তিদের শারীরিক কষ্ট বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আরও পড়ুন: মুখোশের আড়ালে বন্ধুত্ব: চিনে নিন ৫টি ‘ভুয়া বন্ধুর’ লক্ষণ, যা ছোট মুহূর্তেই ধরা পড়ে
দিল্লির একটি বেসরকারি হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক অমিত বাওয়েজা সতর্ক করে বলেছেন, যেকোনো কাশিকে সাধারণ কাশি ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়।
শীতকালে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে কেন?
আরও পড়ুন: শীতে কি পিরিয়ডের ব্যথা বাড়ে? ঠান্ডা নয়, দায়ী হতে পারে যে ৫ অভ্যাস
শীতের সময়ে নিউমোনিয়াসহ বিভিন্ন শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে।
বায়ুদূষণ: বাতাসে থাকা সূক্ষ্ম ধূলিকণা শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করতে পারে। এতে ফুসফুসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং আগে থেকে শ্বাসতন্ত্রের রোগ থাকা ব্যক্তিদের সমস্যা বাড়তে পারে।
বদ্ধ পরিবেশ: তাপমাত্রা কমলে মানুষ ঘরের ভেতরে বেশি সময় কাটায়। আলো-বাতাস চলাচল কম এমন জায়গায় কাছাকাছি অবস্থানের কারণে শ্বাসতন্ত্রের ভাইরাস ছড়ানোর সুযোগ বাড়তে পারে। এতে সংক্রমণের ঝুঁকিও বাড়ে।
কাশির সঙ্গে যেসব লক্ষণ থাকলে সতর্ক হবেন
নিউমোনিয়ার প্রাথমিক উপসর্গ অনেক সময় সাধারণ সর্দি-কাশি বা মৌসুমি অসুস্থতার মতো মনে হতে পারে। দীর্ঘস্থায়ী কাশি, হালকা জ্বর কিংবা ক্লান্তিকে অনেকে আবহাওয়ার পরিবর্তনের প্রভাব ভেবে অবহেলা করেন।
কেউ কেউ চিকিৎসকের পরামর্শ ছাড়াই আদা চা, গরম পানির ভাপ কিংবা অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করেন। কিন্তু এসবের মাধ্যমে নিউমোনিয়ার চিকিৎসা নিশ্চিত হয় না। বরং সঠিক চিকিৎসা পেতে দেরি হলে সংক্রমণ গুরুতর হয়ে উঠতে পারে। কোনো কোনো ক্ষেত্রে হাসপাতালে ভর্তি বা অক্সিজেন দেওয়ার প্রয়োজনও হতে পারে।
চিকিৎসকদের মতে, নিচের লক্ষণগুলো দেখা দিলে বিশেষভাবে সতর্ক হওয়া জরুরি—
- জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট হওয়া।
- শ্বাস নেওয়া বা কাশির সময় বুকে ব্যথা অনুভব করা।
- বিশ্রামের সময়ও দ্রুত শ্বাস-প্রশ্বাস চলা।
- বয়স্কদের অস্বাভাবিক দুর্বলতা, বিভ্রান্তি বা খাবারে অরুচি দেখা দেওয়া।
- শিশুদের দ্রুত শ্বাস নেওয়া, ঠিকমতো খাবার না খাওয়া কিংবা শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে যাওয়া।
এসব লক্ষণের কোনোটি দেখা দিলে ঘরোয়া চিকিৎসায় সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা এবং বুকের এক্স-রে করার পরামর্শ দিতে পারেন চিকিৎসক।
কারা নিউমোনিয়ার ঝুঁকিতে বেশি?
শিশু ও বয়স্ক ব্যক্তিদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি। এ ছাড়া ধূমপায়ী এবং ডায়াবেটিস, হাঁপানি কিংবা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদেরও বাড়তি সতর্কতা প্রয়োজন।
গর্ভবতী নারীদের ক্ষেত্রেও শ্বাসতন্ত্রের সংক্রমণ জটিল হয়ে ওঠার আশঙ্কা থাকতে পারে। তাই এ সময়ে কাশি, জ্বর বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ও দীর্ঘদিনের ধূমপায়ীদের কাশি, বুকে কফ জমা কিংবা শ্বাসকষ্টের উপসর্গ অবহেলা করা উচিত নয়।
নিউমোনিয়ার ঝুঁকি কমাতে যা করবেন
শীতের মৌসুমে শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি বিষয়ে সচেতন থাকা জরুরি।
- দীর্ঘস্থায়ী কাশি অবহেলা নয়: এক সপ্তাহের বেশি কাশি থাকলে অথবা কাশির সঙ্গে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
- টিকা নেওয়ার বিষয়ে পরামর্শ নিন: ইনফ্লুয়েঞ্জা ও নিউমোকক্কাল টিকা নির্দিষ্ট জনগোষ্ঠীর ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি বা রোগের তীব্রতা কমাতে সাহায্য করতে পারে। বিশেষ করে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের টিকার বিষয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত।
- নিজে থেকে অ্যান্টিবায়োটিক নয়: চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারে জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার ঝুঁকি বাড়ে।
- দূষণ থেকে সুরক্ষিত থাকুন: বায়ুদূষণ বেশি থাকলে বাইরে যাওয়ার সময় ভালো মানের এন-৯৫ মাস্ক ব্যবহার করা যেতে পারে। দূষণের মাত্রা বেশি থাকলে বিশেষ করে সকালে বাইরে ব্যায়াম এড়িয়ে চলুন।
- ঘরের বাতাস পরিষ্কার রাখুন: ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী শোবার ঘরে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা যেতে পারে।
- পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানীয়: শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি, স্বাস্থ্যকর স্যুপ ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন।
কাশি হলেই নিউমোনিয়া হয়েছে, এমন নয়। তবে কাশির সঙ্গে জ্বর, শ্বাসকষ্ট বা বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সময়মতো চিকিৎসা নেওয়াই জটিলতা এড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।





