রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তেজনা, ওয়াকআউটের পর সংসদ মুলতবি ১৫ মার্চ পর্যন্ত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ৮:১৭ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ১৫ মার্চ সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির ভাষণ শেষে তিনি এই ঘোষণা দেন।

এর আগে সংসদের বিধি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানান স্পিকার। ঠিক সেই সময় জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলীয় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে চিৎকার করে প্রতিবাদ জানান।

আরও পড়ুন: বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী সদস্যদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’ এবং ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো’।

পরিস্থিতি শান্ত রাখতে স্পিকার বারবার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তবে বিরোধী সদস্যরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে রাষ্ট্রপতির উপস্থিতি ও ভাষণের প্রতিবাদ জানিয়ে তারা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।

আরও পড়ুন: ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণে পুলিশের জরুরি পরামর্শ

বিরোধী দলের অনুপস্থিতিতে কিছুটা বিব্রতকর পরিস্থিতির মধ্যেই রাষ্ট্রপতি তার লিখিত ভাষণ পাঠ করেন। ভাষণে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার দল বিএনপি এবং মিত্রদের অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করে তাদের প্রতি শুভেচ্ছা জানান। এ সময় সরকারি দলের সদস্যদের টেবিল চাপড়িয়ে সমর্থন জানাতে দেখা যায়।

সংসদ কক্ষ থেকে বের হয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি রাষ্ট্রপতির কড়া সমালোচনা করে বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের সময় অভিভাবক হিসেবে মো. সাহাবুদ্দিন কোনো কার্যকর ভূমিকা নেননি। তিনি ফ্যাসিবাদী খুনি সরকারের সহযোগী ছিলেন। এই পবিত্র সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার তার নেই।’

পরে রাষ্ট্রপতির ভাষণ শেষ হওয়ার পর স্পিকার আগামী রোববার (১৫ মার্চ) সকাল ১১টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন।