ঢাকার সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারিতে, আজ শুরু কার্যক্রম

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৫৫ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে কর্মরত সাব-রেজিস্ট্রারদের বদলি প্রক্রিয়ায় নতুন পদ্ধতি চালু হচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি করা হবে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ৪ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সিদ্ধান্তে এ লটারির আয়োজন করা হচ্ছে।

লটারির মাধ্যমে দেশের বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্য থেকে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদে বদলি করা হবে। লটারি কার্যক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: এক কর্মকর্তার হাতে পাঁচ পদ, নিয়োগ ও দায়িত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন

আইন মন্ত্রণালয় জানিয়েছে, জনসাধারণের সম্পত্তি নিবন্ধন-সংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার এবং শৃঙ্খলা নিশ্চিত করতেও লটারির মাধ্যমে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।