৯০০ গোলের দুয়ারে মেসি, কোচ বললেন ‘অলৌকিক’

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ৯:৫৯ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি ক্যারিয়ারের আরেকটি ঐতিহাসিক মাইলফলকের খুব কাছাকাছি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)  শনিবার (০৭ মাচ) ইন্টার মায়ামি যখন ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে, তখন ৯০০ গোলের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন হবে মাত্র দুই গোল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো মেসিকে ‘অদ্বিতীয়’ আখ্যা দিয়ে বলেন, ‘আমি আসলে সৌভাগ্যবান একজন দর্শক, এর বেশি কিছু নয়। মেসির গোল করার পেছনে আমার তেমন কোনো অবদান নেই; না খেলোয়াড় হিসেবে, না কোচ হিসেবে। কিন্তু আমি তার অসংখ্য গোল খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, যা সত্যিই বড় এক সৌভাগ্য।’

আরও পড়ুন: উত্তর কোরিয়ার কাছে ৫ গোলের হার বাংলাদেশের নারীদের

২০০৩ সালের ১৬ নভেম্বর বার্সেলোনার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করার পর থেকে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮৯৮। তার গোলের বড় অংশই এসেছে স্পেনের লা লিগায় বার্সেলোনার হয়ে, যেখানে তিনি করেছেন ৬৭২ গোল। পরে ফ্রান্সের পিএসজির হয়ে ৩২ গোল এবং বর্তমানে ইন্টার মায়ামির হয়ে করেছেন ৭৯ গোল। জাতীয় দলের জার্সিতে তার গোলসংখ্যা ১১৫।

সম্প্রতি দুর্দান্ত পারফরম্যান্সে ২০২৫ মৌসুমের এমএলএসের গোল্ডেন বুট জিতেছেন মেসি। নিয়মিত মৌসুমে ২৯ গোল করে তিনি হয়েছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা। একই সঙ্গে তিনি জিতেছেন ২০২৫ সালের এমএলএসের সেরা খেলোয়াড়ের পুরস্কার (এমভিপি)। মাশচেরানো আরও বলেন, ‘আমরা যে সংখ্যার কথা বলছি ৯০০ গোল; এটা সত্যিই অবিশ্বাস্য। আর এ কারণেই লিও একেবারে অদ্বিতীয়।’

আরও পড়ুন: জিম্বাবুয়েকে উড়িয়ে সেমির দৌড়ে ভারত

রেকর্ড গড়া অবশ্য মেসির জন্য নতুন কিছু নয়। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড ২০১২ সালে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড গড়েন। সে বছর ৬৯ ম্যাচে মোট ৯১ গোল করেছিলেন। এর মধ্যে বার্সেলোনার হয়ে ৭৯ এবং আর্জেন্টিনার হয়ে ১২ গোল। উল্লেখ্য, বর্তমানে সক্রিয় ফুটবলারদের মধ্যে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো। তার গোলসংখ্যা এখন পর্যন্ত ৯৬৫টি।