ভিনিসিয়ূসের গোলে সমতায় বিরতিতে ব্রাজিল, মরক্কোর সঙ্গে প্রথমার্ধ ১-১

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫:০৬ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬ | আপডেট: ৬:৪৮ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। ম্যাচের ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ভিনিসিয়ূস জুনিয়রের দুর্দান্ত এক গোলে সমতায় ফিরে প্রথমার্ধ শেষ করে সেলেসাওরা।

নেইমারবিহীন ব্রাজিল ম্যাচের শুরুতে নিজেদের স্বাভাবিক ছন্দে ছিল না। অন্যদিকে মরক্কো শুরু থেকেই সংগঠিত ও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয়। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আফ্রিকার দলটি। ডান প্রান্ত থেকে গড়ে তোলা আক্রমণে ব্রাজিলের বক্সে বল পান তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। তিনি পোস্ট লক্ষ্য করে শট নিলেও শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মাগালহায়েসের দুর্দান্ত বাধায় গোলের দেখা পায়নি মরক্কো।

আরও পড়ুন: প্রথমার্ধে আধিপত্য মরক্কোর, ছন্দহীন ব্রাজিল ফিরল ভিনিসিয়ূসের গোলে

প্রথম দিকের চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে ব্রাজিল। এক পর্যায়ে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে দারুণ সুযোগ তৈরি করেন সেলেসাওরা। সতীর্থের পাসে সুবিধাজনক অবস্থানে বল পেয়েছিলেন ইগর থিয়াগো। তবে সময়মতো লাফিয়ে উঠলেও বলের সঙ্গে ঠিকভাবে সংযোগ করতে না পারায় সুযোগটি হাতছাড়া হয়।

এরপর ম্যাচের ২১তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় মরক্কো। ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে গোল করেন ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।

আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম ম্যাচে কেন খেলছেন না নেইমার?

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ব্রাজিলকে। ৩২তম মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ূস জুনিয়র। বাঁ প্রান্ত থেকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে শক্তিশালী শটে জাল খুঁজে নেন তিনি। এই গোলের মাধ্যমে ব্রাজিলের জার্সিতে নিজের ৫০তম গোল পূর্ণ করেন এই তারকা ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত প্রথমার্ধের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। ফলে দ্বিতীয়ার্ধে জয় তুলে নিতে দুই দলই নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে।