এশিয়া কাপ হকিতে তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৩২ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্দান্ত জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৫ সেপ্টেম্বর) চীনে টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশের মেয়েরা। পুরো ম্যাচজুড়েই ছিল তাদের একচেটিয়া আধিপত্য। দলের হয়ে প্রথম গোল করেন কনা আক্তার।

এরপর চাইনিজ তাইপের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়ে গোলের ব্যবধান বাড়ান ইমা ও আইরিন আক্তার রিয়া। দুজনই ম্যাচে জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আরও পড়ুন: এশিয়ান গেমসে ইতিহাস গড়তে যাচ্ছেন কক্সবাজারের ফাতেমা

চতুর্থ কোয়ার্টারে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। এ সময় দলের হয়ে হাল ধরেন অধিনায়ক সারিকা রিমন। দুর্দান্ত দক্ষতায় পরপর দুটি গোল করেন তিনি। অধিনায়কের জোড়া গোলে শেষ পর্যন্ত ৭-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

কনা আক্তারের গোল, ইমা ও আইরিন আক্তার রিয়ার জোড়া গোল এবং অধিনায়ক সারিকা রিমনের জোড়া গোলেই আসে বাংলাদেশের এই বিশাল জয়। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আইরিন আক্তার রিয়া।

আরও পড়ুন: প্রিমিয়ার লিগে দলবদলে নতুন রেকর্ড

বাংলাদেশের পরবর্তী ম্যাচ রোববার। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকং চায়নার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছে পাকিস্তান।