ধেয়ে আসছে বৃষ্টিবলয়, থাকবে কতদিন?
ধেয়ে আসছে বৃষ্টিবলয়, এর ফলে দেশের বিভিন্ন স্থানে কালবৈশখী ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) দেয়া পূর্বাভাসে এমনটা জানা গেছে।
সংস্থাটি জানায়, দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয়। এই বৃষ্টি বলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের পর থেকে আগামী ২৪ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে। এটি একটি প্রায় বিচ্ছিন্ন বৃষ্টিবলয় উল্লেখ করে বিডব্লিউওটি বলছে, পরিষ্কার আকাশে হঠাৎ করে মেঘ, তারপর কালবৈশাখীর মত দমকা হাওয়া, এরপর ৫ বা ১০ মিনিট বজ্রপাতসহ বৃষ্টি। এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুন: রাতেই হানা দিতে পারে প্রবল ঝড়
বৃষ্টিবলয় চলাকালে দেশের প্রায় ৪০ বা ৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের কিছু ক্ষুদ্র এলাকায় আকস্মিকভাবে ভারী বৃষ্টিও হতে পারে। ফলে দেশের সক্রিয় এলাকায় গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন ক্ষুদ্র এলাকায় সর্বোচ্চ ৫০ মিলিমিটার বা এর কিছু বেশি পর্যন্তও বৃষ্টি হতে পারে।
বিডব্লিউওটি আরও জানায়, বৃষ্টিবলয়ে, সিলেট বিভাগসহ দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা সিলেট ও খুলনা বিভাগে। আর চট্টগ্রাম ও উত্তরবঙ্গে কম সম্ভবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে কলকাতা বা পশ্চিমবঙ্গ এলাকায়।
আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে





