ফুলেল শ্রদ্ধা ও মোমবাতির আলোয় হুমায়ূন আহমেদকে স্মরণ
নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের পিরুজালীতে তাঁর হাতে গড়া নুহাশপল্লীতে নানা আয়োজন করা হয়েছে। এক হাজার মোমবাতি প্রজ্বালন, সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটার মধ্য দিয়ে প্রিয় লেখককে স্মরণ করেছেন স্বজন, ভক্ত, কবি, লেখক ও সংস্কৃতিজনেরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। পরে একে একে ভক্ত, কবি, লেখক ও নাট্যাঙ্গনের ব্যক্তিরা সমাধিতে ফুল দিয়ে জনপ্রিয় এই লেখক ও নির্মাতার প্রতি ভালোবাসা জানান। বেলা সাড়ে ১১টার দিকে নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারীরা কেক কেটে তাঁর জন্মদিন উদ্যাপন করেন।
আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীর লিচুতলায় এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন শুরু হয়।
নুহাশপল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানান, জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। তবে হুমায়ূন আহমেদের দুই ছেলে নিনিত ও নিষাদ অসুস্থতার কারণে এবার অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
আরও পড়ুন: শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যে উপন্যাস, ছোটগল্প, নাটক ও চলচ্চিত্রে অসামান্য অবদান রেখে তিনি পাঠক ও দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।
২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই জনপ্রিয় কথাসাহিত্যিক। মৃত্যুর পরও তাঁর সৃষ্টি ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের পাঠকদের কাছে সমানভাবে সমাদৃত।





