শেকৃবিতে গুম-খুন ও জুলাই শহীদ–আহত পরিবারের সঙ্গে বৃহত্তর বগুড়া সমিতির ব্যতিক্রমী ইফতার
গুম ও খুনের শিকার পরিবার এবং জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে ব্যতিক্রমী ইফতার মাহফিল আয়োজন করেছে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বৃহত্তর বগুড়া সমিতির কৃষিবিদ ও শিক্ষার্থীরা।
সোমবার (৯ মার্চ ২০২৬) বিকাল ৫টায় রাজধানীর শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফ্যাসিবাদের আমলে গুম ও খুনের শিকার পরিবার এবং জুলাইয়ের গণআন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্য ও তাদের সন্তানরা অংশ নেন।
আরও পড়ুন: থামছে না পুশ-ইন চাপ, অনিশ্চয়তার শেষ কোথায়?
বৃহত্তর বগুড়া সমিতি, শেকৃবি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার। অনুষ্ঠানে তিনি এবং অন্যান্য অতিথিরা ভিকটিম পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, শিশুদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ঈদের উপহার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রাশেদুল ইসলাম, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেলাল, ট্রেজারার অধ্যাপক মো. আবুল বাশার এবং প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।
আরও পড়ুন: রাজশাহীর আমের তুলনা নেই: মার্কিন রাষ্ট্রদূত
বৃহত্তর বগুড়া সমিতির প্রধান উপদেষ্টা ও ইউট্যাবের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, কৃষিবিদ মাহমুদুল হাসান খান ও মো. নাহিয়ান হোসেন।
এর আগে ইফতার মাহফিল শুরুর আগে গুম ও খুনের শিকার পরিবার এবং জুলাই গণআন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বৃহত্তর বগুড়া সমিতি, শেকৃবির উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।





