সাবেক এমপি ও শিক্ষা উপমন্ত্রী মারা গেছেন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:০৫ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোড কবিরাজ জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ঝড়-বজ্রবৃষ্টিতে সারা দেশে ১২ জনের মৃত্যু, গাইবান্ধায় বেশি হতাহতের ঘটনা

রাজনীতিতে দীর্ঘ পথচলায় গোলাম সারোয়ার মিলন ছিলেন ছাত্ররাজনীতি থেকে উঠে আসা একজন পরিচিত মুখ। তিনি ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। এর আগে ভাসানী-ন্যাপ সমর্থিত বাম ছাত্র সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।

১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি-তে যোগ দিয়ে প্রেসিডিয়াম সদস্য হন। পরে তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন: কসবার সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ-এর মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

২০০৭ সালের ওয়ান-ইলেভেন-পরবর্তী সময়ে তিনি ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি) যোগ দেন। পরবর্তীতে আবারও জাতীয় পার্টিতে ফিরে আসেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাবেক রাষ্ট্রপতি এ কে এম বদরুদ্দোজা চৌধুরী-এর বিকল্পধারায় যোগ দিয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করেন, তবে পরাজিত হন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।