ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

Sadek Ali
শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৫১ পূর্বাহ্ন, ০৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে ইনজেকশন দেওয়ার পর চাদনী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুন: কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে জোর

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত আল মদিনা হাসপাতালে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় চাদনীকে। সে উপজেলার মুশুদ্দী ইউনিয়নের সয়া গ্রামের মো. আপনের মেয়ে।

স্বজনদের অভিযোগ, অপারেশনের প্রস্তুতির অংশ হিসেবে শিশুটিকে একটি ইনজেকশন দেওয়ার পর অচেতন হয়ে পড়ে সে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নিতে হবে। তবে রাত ৯টার দিকে তাকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায়দের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

নিহতের দাদি অভিযোগ করে বলেছেন, ১৩ হাজার টাকায় টনসিল অপারেশনের জন্য হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছিল। অপারেশন থিয়েটারে নেওয়ার কিছুক্ষণ পর হাসপাতাল থেকে জানানো হয়, শিশুটিকে ময়মনসিংহে স্থানান্তর করতে হবে। পরে তারা জানতে পারেন, চাদনী মারা গেছে। চিকিৎসকদের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিও জানান তিনি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল প্রাঙ্গণে নিহতের স্বজন ও স্থানীয়দের ভিড় জমে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে আল মদিনা হাসপাতালের কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক জানিয়েছেন, পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে শিশুটির মরদেহ। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।