পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৭

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৫ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথে ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, পাটগ্রাম থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে যাওয়ার পথে ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে এবং অটোরিকশাটিকে চাপা দেয়।

আরও পড়ুন: মাদ্রাসায় যাওয়ার পথে দুই কিশোরী নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামে আরও একজন মারা যান।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা পাটগ্রাম উপজেলার বাসিন্দা।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।