হাতকড়া পড়া অবস্থায় পালালেন আ.লীগ নেতা, আহত ২ পুলিশ
চুয়াডাঙ্গা দামুড়হুদার চন্ডিপুর গ্রামের ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিককে গ্রেপ্তার করতে গিয়ে তার পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ওই নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর পুলিশ দুই নারীসহ ৪ জনকে আটক করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
আটকরা হলেন- চন্ডিপুর গ্রামের সঞ্চয়ের স্ত্রী কনা রানী, সনজিতের স্ত্রী সোনালী, রবি হালদারের ছেলে লক্ষণ ও সেলিম উদ্দিনের ছেলে ফিরোজ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে চন্ডিপুর গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একাধিক মামলার আসামি কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় নেয়ার সময় পরিবারের সদস্যসহ স্থানীয় কয়েকজন বাধা দেন। একপর্যায়ে তারা দুই পুলিশ সদস্যকে আহত করে আবু সিদ্দিককে ছিনিয়ে নেন। পরে হ্যান্ডকাফ পরা অবস্থায় তিনি পালিয়ে যান।
আরও পড়ুন: নওগাঁয় রিকশায় কানের দুল ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩
দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দর্শনা থানার ওসি (তদন্ত) মো. মোখলেছুর রহমান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।





