কালিয়াকৈরে এপেক্স ফুটওয়্যার কারখানা ১২ দিন যাবত বন্ধ
গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় ঐতিহ্যবাহী এপেক্স ফুটওয়্যার লিমিটেড ইউনিট-১ কারখানা আজ ১২ দিন যাবত বন্ধ রয়েছে। কবে খুলবে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কিছু বলছে না। একটি হামলা, একটি বিচারের দাবি, আর ১৬ দফা - এই তিনকে ঘিরেই গত ১২ দিন ধরে অচল হয়ে আছে হাজারো শ্রমিকের এই কারখানা।
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির চলমান আন্দোলনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সফিপুর-চন্দ্রা এলাকার সকল কারখানা সেদিন ছুটি ঘোষণা করে। কিন্তু ব্যতিক্রম ছিল এপেক্স ফুটওয়্যার লিমিটেড ইউনিট-১ কারখানা চালু রাখা হয়।শ্রমিকরা এতে উত্তেজিত হয়ে ওঠেন। পরিস্থিতি বেগতিক দেখে কর্তৃপক্ষ বেলা ১২টার সময় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের
শ্রমিকদের অভিযোগ , ছুটি পেয়ে শ্রমিকরা যখন প্রধান ফটক দিয়ে বের হচ্ছিলেন, তখনই বহিরাগতদের দ্বারা আকস্মিক হামলা ও রক্তাক্ত জখমের শিকার হন তারা। এই হামলাই পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। এতদিন যে আন্দোলন ছিল বেতন আর সুবিধা নিয়ে, তা মুহূর্তে পরিণত হয় নিরাপত্তা ও বিচারের আন্দোলনে। ক্ষুব্ধ শ্রমিকরা উত্তেজিত হয়ে কর্তৃপক্ষের কাছে হামলার বিচার দাবি করেন। কর্তৃপক্ষ বিচারের আশ্বাস দিয়ে ৪ দিনের ছুটি ঘোষণা করে। কিন্তু এই ৪ দিনে হামলার বিষয়ে কোনো দৃশ্যমান ব্যবস্থা চোখে পড়েনি বলে অভিযোগ শ্রমিকদের।
৮ নভেম্বর - সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হয়ে কর্মবিরতি পালন করেন। হামলার বিচারসহ মোট ১৬ দফা দাবি উত্থাপন করেন এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। কর্তৃপক্ষ ৮ - ৯ নভেম্বর - আরও ২ দিনের ছুটি ঘোষণা করে। ১০ নভেম্বর -শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন করে ১৬ দফা দাবির বিষয়ে জানতে চান। কর্তৃপক্ষ সকল দাবি মেনে নিয়ে বারবার কাজে যোগদানের অনুরোধ করেন। শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানা ত্যাগ করে চলে যান। ওই দিন বিকেলে কারখানার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। প্রধান ফটকে ঝুলিয়ে দেওয়া হয় "কারখানা বন্ধ" নোটিশ। এ বিষয়ে কারখানার উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. আরিফুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
কারখানার সূত্র জানায়, দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড ১৯৯০ প্রতিষ্ঠিত হয়। কারখানায় প্রায় ছয় হাজার শ্রমিক /কর্মচারী জীবিকা নির্বাহ করছে। কারখানার উৎপাদিত জুতা বিশ্বের উত্তর আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের সকল দেশ, এশিয়া প্যাসিফিক অঞ্চল সহ বিশ্বের প্রায় ১৩০ টির বেশী আন্তর্জাতিক খুচরা বিক্রেতা ও শীর্ষ ব্র্যান্ডের জুতা তৈরি এবং রপ্তানি করে থাকে। বিশ্বের উল্লেখযোগ্য বায়ার হচ্ছে ইউরোপ, আমেরিকা, জার্মানি,ইতালি , সুইডেন, নেদারল্যান্ডস, পোল্যান্ড, কানাডা, চীন ও জাপান। স্বনামধন্য এ প্রতিষ্ঠানটি ১২ দিন ধরে উৎপাদন বন্ধ, বিদেশি বায়ারদের কাছে অর্ডার হারানোর শঙ্কা।
সেই সাথে হাজার হাজার কর্মরত শ্রমিক/কর্মচারী ও পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।





