নারায়ণগঞ্জে আমির হামজার আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

Shahrier Islam Pallab
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামীকাল ১৬ নভেম্বর (সোমবার) দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামি চিন্তাবিদ ও সংসদ সদস্য হযরত মাওলানা মুফতি আমির হামজার (এমপি, কুষ্টিয়া-৩)।

আরও পড়ুন: মজুরি আন্দোলনে গার্মেন্ট শিল্পে স্থবিরতা

১৫ নভেম্বর (রবিবার) বিকালে মাহফিলের প্রস্তুতি পরিদর্শনে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, আমির হামজার আগমন উপলক্ষে এলাকায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা সবাইকে নিয়ে মাহফিল উপভোগ করতে চাই। তিনি সর্বস্তরের মানুষকে মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সংসদ সদস্য আবুল কালামের মাহফিলে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি আসতে পারবেন না। আমির হামজার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। ওলামায়ে কেরামের উদ্দেশে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, আপনারা মাহফিলে আসুন। বক্তব্যে কোনো আপত্তিকর বিষয় উঠে এলে আপনারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন, আমরাও তা মোকাবিলা করব।

আরও পড়ুন: গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর পুলিশ বক্স ও এপিসি

মাহফিলের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।

আয়োজক সূত্রে জানা যায়, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। মাহফিলে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক জনাব আলহাজ্ব ইসহাক খান। এ ছাড়া সার্বিক সহযোগিতায় থাকবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং বন্দর থানা উত্তর জামায়াতে ইসলামীর আমীর মুফতি আতিকুর রহমান।

আয়োজকরা জানিয়েছেন, মাহফিলে মহিলাদের জন্য পৃথকভাবে ওয়াজ শোনার সু-ব্যবস্থা রাখা হয়েছে।