জুলাইয়ে ডিএমপির সেরা বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা মিরপুর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:২১ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় অবদানের স্বীকৃতি হিসেবে জুলাই মাসের সেরা পুলিশ কর্মকর্তা ও ইউনিটগুলোকে পুরস্কৃত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার দেওয়া হয়। সভায় ঢাকা মহানগরের অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের অধীনে যাত্রা শুরু করল স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট

অপরাধ বিভাগের মূল্যায়নে জুলাই মাসে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। একই সঙ্গে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মিরপুর থানা। এ তালিকায় দ্বিতীয় হয়েছে উত্তরা-পশ্চিম থানা এবং তৃতীয় হয়েছে বাড্ডা থানা।

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন ডেমরা জোনের মো. শামীম হোসেন। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর জোনের মো. আবদুল্লাহ আল মামুন।

আরও পড়ুন: ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে প্রথম হয়েছেন পল্লবী থানার মো. সাইফুল ইসলাম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ভাটারা থানার দেবাশীষ মন্ডল এবং পল্টন মডেল থানার অমিত কুমার বিশ্বাস।

সহকারী উপপরিদর্শক (এএসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন যাত্রাবাড়ী থানার নাজমুল ইসলাম এবং দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর থানার নাদের আলী।

ডিএমপির গোয়েন্দা বিভাগের মূল্যায়নে জুলাই মাসে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-ওয়ারী বিভাগ। এ বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফজলুল করিম শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, ট্রাফিক বিভাগের মূল্যায়নে সেরা হয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর ট্রাফিক জোনের মো. সামসুদ্দীন সরকার এবং দ্বিতীয় হয়েছেন যাত্রাবাড়ী ট্রাফিক জোনের মো. শাহরিয়ার খান।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন ইউনিটের উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।