ডিআরইউর সাহিত্য সম্মাননা পেলেন শামসুজ্জামান শামস

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘অল ক্রাইম টিভি-ডিআরইউ লেখক সম্মাননা ২০২৬’ অর্জন করেছেন বাংলাবাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার ও বহুমাত্রিক লেখক শামসুজ্জামান শামস।  মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত লেখক শামসুজ্জামান শামসকে উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁর হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এবারের আয়োজনে শামসুজ্জামান শামসসহ ডিআরইউর মোট ২৬ জন সদস্য লেখককে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ফুলেল শ্রদ্ধা ও মোমবাতির আলোয় হুমায়ূন আহমেদকে স্মরণ

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান আস্থা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ মিজান, চেয়ারম্যানের প্রতিনিধি নুসরাত সুলতানা, শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলসহ ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পেশাদার সাংবাদিকতার পাশাপাশি ১৯৯৫ সাল থেকে নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন শামসুজ্জামান শামস। গল্প, উপন্যাস, রহস্যকাহিনি, ইতিহাস, জীবনী ও বিজ্ঞানসহ নানা বিষয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। তাঁর আলোচিত ও পাঠকপ্রিয় গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ক্রাইম থ্রিলার ও রহস্য উপন্যাস কাটা হাত রহস্য, জনপ্রিয় উপন্যাস মেয়েরা এমনই হয়, বিরহের নীল আকাশ, মেঘ ভাঙা রোদ, এবং তথ্যবহুল গ্রন্থ নোবেল বিজয়ী চার বাঙালি, খ্যাতিমান বিশ রাষ্ট্রনায়ক ও বায়ান্ন থেকে একাত্তর। এর আগে ২০২৫ সালেও তিনি মননশীল (প্রবন্ধ ও গবেষণা) শাখায় ডিআরইউ লেখক সম্মাননা অর্জন করেছিলেন। গতকাল সম্মাননাপ্রাপ্ত ২৬ সদস্য লেখক হলেন— হাসান হাফিজ, শামসুজ্জামান শামস, তৌহিদুর রহমান, জীবন ইসলাম, আবদুল্লাহ জেয়াদ, মোরসালিন আহমেদ, আসিফ হাসান নবী, মুহাম্মদ নূরে আলম, এম এম বাদশাহ্, এম এম রাশেদ রাব্বি, আমিনুল হক ভূঁইয়া (ঋদি হক),  আবু আলী, রকিবুল ইসলাম মুকুল, প্রণব কুমার মজুমদার, সাঈদ আহমেদ খান, ইবরাহীম খলিল, সিরাজুল ইসলাম কাদির, জামশেদ নাজিম, কুদরাত-ই-খোদা, ইমরুল কায়েস, ইমরান উজ-জামান, আমিরুল মোমেনীন মানিক, মুহম্মদ মিজানুর রহমান (মিজান রহমান), জহিরুল ইসলাম, নির্মল চক্রবর্তী ও সারওয়ার বাবর চৌধুরী।

আরও পড়ুন: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ