গোপালগঞ্জ উত্তাল, বিক্ষোভ সহিংসতা ভাংচুর, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
বাংলাদেশের গোপালগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, দিনভর এ বিক্ষোভের সময় অনেকের কাছে দা-রামদার মতো দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠি বৈঠা দেখা গেছে। বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে সেটি খুলে দিয়েছে। পাশাপাশি শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দিয়েছে।
এছাড়া পুলিশের একটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কলেজের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়েছে।
আরও পড়ুন: মজুরি আন্দোলনে গার্মেন্ট শিল্পে স্থবিরতা
বিক্ষোভের এক পর্যায়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেওয়া হয়েছে। বিক্ষোভের যেসব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে শহরজুড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
পুলিশের পাশ দিয়েই বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হয়ে সড়ক অবরোধ করেছে। জেলা পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আরও পড়ুন: গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর পুলিশ বক্স ও এপিসি





