টানা চার দফা বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা
বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। টানা চার দফা মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।
বুধবার (১ এপ্রিল) ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এদিন সকালে সংগঠনটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বাংলাদেশে স্বর্ণ ও রুপার দাম আরও বৃদ্ধি, ভরি ২ লাখ ৪৪ হাজার
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
আরও পড়ুন: জ্বালানি তেল মজুত-পাচার রোধে তথ্যদাতাকে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে এ সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারেও এর প্রভাব আরও বাড়তে পারে।





