ঢাবিতে তিন ইউনিটে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তির আবেদন শুরু ১২ মার্চ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বিশেষ কোটায় ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ টাকা।
আরও পড়ুন: টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার
আবেদন ফি রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দেওয়া যাবে। এছাড়া ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমেও অনলাইনে ফি পরিশোধের সুযোগ রয়েছে।
যোগ্যতার বিষয়ে জানানো হয়েছে, আবেদনকারীকে অবশ্যই জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে। এছাড়া বিগত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল কিংবা বয়সভিত্তিক (অনূর্ধ্ব–২৩, ২০, ১৯, ১৭ ও ১৬) দলের সদস্য হিসেবে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, নেতৃত্বে আসতে পারেন যারা
ব্যক্তিগত ক্রীড়ার ক্ষেত্রে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনভুক্ত বা সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশনের জাতীয় র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচজনের মধ্যে থাকতে হবে।
এছাড়া প্রার্থীর বয়স আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, খেলোয়াড় কোটায় আবেদনকারীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। সংশ্লিষ্ট ইউনিটের প্রধানরা এই পরীক্ষা গ্রহণ করবেন।





