বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী, মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। গত মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’—এই পোস্ট থেকেই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এটি লুবাবার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট।
বেশ কিছুদিন ধরেই লুবাবার জীবনযাপনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি একটি দীর্ঘ পোস্টে নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছিলেন তিনি। অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়ে দ্বীনের পথে চলার সংকল্প ব্যক্ত করেছিলেন এই সাবেক তারকা।
আরও পড়ুন: একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই
লুবাবার এই পরিবর্তন ও বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। কমেন্ট বক্সে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন। একজন অনুসারী মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখুন। অন্য একজন লিখেছেন, সঠিক সিদ্ধান্ত, আল্লাহ আপনাদের ভালো রাখুন।’
পাত্রের পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল থাকলেও লুবাবা এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি। শোবিজ ছেড়ে ইসলামের পথে চলা এবং নতুন সংসার শুরু—সব মিলিয়ে লুবাবার জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবেই দেখছেন তার ভক্তরা।
আরও পড়ুন: দ্বিতীয়বার মা সোনম কাপুর, পুত্রসন্তান জন্মে আনন্দে কাপুর পরিবার





