সংবিধান সংস্কার পরিষদের শপথ ও জুলাই সনদ বাস্তবায়ন হলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৬ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে ‘সংবিধান সংস্কার পরিষদের’ শপথ গ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট অঙ্গীকার করলেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

তবে দেশের চলমান সংকটের মধ্যে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানে সাড়া দিয়ে সোমবার তাঁর সঙ্গে বৈঠকে অংশ নেবে এনসিপির একটি প্রতিনিধিদল বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

যুক্তরাজ্য সফর শেষে রোববার সন্ধ্যায় দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সরকারের জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই এনসিপি জাতীয় ঐক্যের কথা বলে আসছে। তবে বিএনপি সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করেনি এবং নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি। তাঁর দাবি, এর মাধ্যমে গণভোটে ৭০ শতাংশ মানুষের রায় ও জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে।

আরও পড়ুন: সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির

জাতীয় ঐক্যের শর্ত তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, আসন্ন গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার মতো মৌলিক বিষয়ে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব শর্ত পূরণ হলেই জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি হতে পারে। এর প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি শুধু ডিসেম্বরে আওয়ামী লীগকে থামানোর জন্য জাতীয় ঐকমত্য চায় এবং জানুয়ারিতে একদলীয় কমিটির মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করে, তাহলে এমন কোনো প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবারের বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে সংকটকাল চলছে। সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা শুনতেই তাঁরা বৈঠকে যাবেন। পাশাপাশি দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন।

এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি জানান, সফরে দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদকে সঙ্গে নিয়ে অক্সফোর্ড, কেমব্রিজ ও সোয়াস ইউনিভার্সিটিতে সেমিনারে অংশ নেন। এ ছাড়া হিউম্যান রাইটস ওয়াচ, ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন এবং ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের সদস্যদের সঙ্গে বৈঠক করেন তাঁরা।

লন্ডনের মেফেয়ার ভেন্যুতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে হামলার ঘটনা নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, পূর্বানুমতি নেওয়া এবং পুলিশকে অবহিত করার পরও পতিত ফ্যাসিস্ট শক্তির নেতাকর্মীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে শারীরিক হামলা চালায়। তাঁকে রক্ষা করতে গিয়ে প্রবাসী শিক্ষার্থী ও পেশাজীবীসহ ১২ থেকে ১৩ জন আহত হন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

এ বিষয়ে যুক্তরাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং তারা আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে বলেও দাবি করেন এনসিপির আহ্বায়ক।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের গত সাত মাসের ব্যর্থতাকে দায়ী করে নাহিদ ইসলাম বলেন, দেশ ও বিদেশে একই কায়দায় অরাজকতা তৈরি করা হচ্ছে। ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। রাজপথে এই অপশক্তির মোকাবিলায় এনসিপির একার অবস্থানই যথেষ্ট বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।